বেলজিয়ামে ইসরায়েলগামী অস্ত্রের ২ চালান জব্দ, তদন্ত শুরু

বেলজিয়ামে ইসরায়েলগামী অস্ত্রের ২ চালান জব্দ, তদন্ত শুরু
নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬

ইসরায়েলের উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ দেশটির লিজ বিমানবন্দরে চালান দুটি আটক করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বেলজিয়ামের আকাশসীমা বা বিমানবন্দর ব্যবহার করে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পরিবহনের ওপর নিষেধাজ্ঞা থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ব্রিটিশ অনুসন্ধানী ওয়েবসাইট ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে বেলজিয়াম সরকারকে চালানগুলোর বিষয়ে সতর্ক করেছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিবেদনে আরও বলা হয়, তল্লাশিতে চালানগুলোতে ‘ফায়ার কন্ট্রোল সিস্টেম’ এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ পাওয়া গেছে, যদিও কাগজপত্রে এগুলোকে ‘সাধারণ বিমানের যন্ত্রাংশ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ঘটনার পর বেলজিয়াম সরকার তদন্ত শুরু করেছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। যদিও ওয়্যালুন আঞ্চলিক সরকার ‘মুগ’ নামের একটি মার্কিন অ্যারোস্পেস কোম্পানির সম্পৃক্ততার কথা জানিয়েছে, যার কারখানা যুক্তরাজ্যে অবস্থিত।

তদন্ত সূত্রে জানা গেছে, একই কোম্পানি থেকে অতীতেও একাধিকবার বেলজিয়ামের মাধ্যমে ইসরায়েলে যন্ত্রাংশ পাঠানো হয়েছে। এসব চালানের ক্ষেত্রে যথাযথ ট্রানজিট লাইসেন্স নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির বেশ কিছু লাইসেন্স স্থগিত করেছিল। গাজায় সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনে এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, সামরিক সরঞ্জাম পরিবহন সংক্রান্ত এই ঘটনা ইউরোপীয় দেশগুলোর রপ্তানি নীতি ও নজরদারি ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলতে পারে।