এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা উদ্যোগ নিচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও লিগ মাঠে ফেরানোর পর এবার দর্শকদের অভিজ্ঞতা উন্নয়নে সরাসরি তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা জানিয়েছেন তিনি।
বিসিবির এক ভিডিও বার্তায় তামিম বলেন, এতদিন খেলোয়াড় ও স্টাফদের সমস্যার বিষয়ে আলোচনা হলেও দর্শকদের অভিজ্ঞতা নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। অথচ দর্শকরাই ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার।
তিনি বলেন, “আমরা চাই, একজন দর্শক মাঠে এসে যেন দারুণ একটি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে পারেন। গেট দিয়ে প্রবেশ থেকে শুরু করে আসনে বসা, খাবার-পানির ব্যবস্থা—সবকিছুতেই উন্নতি আনার চেষ্টা করব।”
তামিম জানান, দর্শকদের মতামত জানার জন্য ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হবে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে বাছাই করে তাদের সঙ্গে সরাসরি বসে আলোচনা করবেন তিনি।
“সব দর্শকের সঙ্গে একসঙ্গে কথা বলা সম্ভব নয়। তবে আমরা র্যান্ডমভাবে ৫ থেকে ১০ জন দর্শককে নিয়ে বসব এবং তাদের অভিজ্ঞতা শুনব—কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে উন্নতি করা যায়,” বলেন তামিম।
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। প্রথম ম্যাচ থেকেই দর্শকদের মতামত সংগ্রহের এই উদ্যোগ চালু করতে চান বিসিবি সভাপতি।
বিশ্লেষকদের মতে, দর্শকবান্ধব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রিকেটে নতুন ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


