রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে চলমান আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এর একটি সেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে অর্থায়ন বাড়ানো, রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছেন।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা সংকট কোনো অমীমাংসিত সমস্যা নয়। সঠিক ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগ নিলে এর বাস্তবসম্মত সমাধান সম্ভব। তবে এজন্য প্রয়োজন ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা।

বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সংকট সমাধানের মূল চ্যালেঞ্জ এখনো নিরাপত্তা ও আস্থা তৈরি, বিশেষ করে প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিস্থিতি নিশ্চিত করা।