বগুড়ায় দিন দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দিনদুপুরে মো. রকি মাহমুদ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বনানী ফ্লাইওভার সংলগ্ন কাস্টমস অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত রকি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসা ও গ্যারেজের কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা রাস্তার ওপর তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বিশেষ করে মাথার পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। রকির ভাই জানান, হারুন, নিরব ও বাপ্পি নামের কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। তাদের মধ্যে একজন ফোন করে রকিকে ডেকে নেওয়ার পরই এ হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
নিহতের মা জানান, ঘটনার আগে সকালে রকি তাকে বলেছিলেন—এক ব্যক্তি তাকে দোকান পরিচালনায় বাধা দিচ্ছেন। দুপুরে সেই ব্যক্তির ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, নিহত রকির বিরুদ্ধে আগে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা ছিল এবং তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন।


