বৃষ্টি থামায় স্বস্তি, চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু নিয়ে শঙ্কা কম

খেলাধুলা
বৃষ্টি থামায় স্বস্তি, চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু নিয়ে শঙ্কা কম
নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬

সকালে বৃষ্টির কারণে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে।

সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও চট্টগ্রামে সকাল দশটার পর বৃষ্টি থেমে যায়। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু জানান, আপাতত বৃষ্টি না থাকায় মাঠ প্রস্তুতির কাজ স্বাভাবিকভাবে এগোচ্ছে। তবে দুপুর ১২টার দিকে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে সময় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হলেও দ্রুত মাঠ খেলার উপযোগী করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “আমাদের ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো। যদি এক ঘণ্টার মতো বৃষ্টি হয়, তাহলে পরবর্তী এক ঘণ্টার মধ্যেই মাঠ প্রস্তুত করা যাবে।”

নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। সকাল থেকেই মাঠ পরিচর্যার কাজ চলছে বলে জানান কিউরেটর বাবু।

তিনি আরও বলেন, মাঠের ঘাস কেটে ছোট করা হয়েছে যাতে পানি জমে না থাকে। সকালে আবারও ঘাস কাটা হয়েছে। ফলে দীর্ঘস্থায়ী বৃষ্টি না হলে ওভার কমানো বা ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।

সব মিলিয়ে আবহাওয়ার উন্নতিতে স্বস্তি ফিরেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে, এখন অপেক্ষা কেবল মাঠে খেলা শুরুর।