নেত্রকোণায় আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল
নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী যুবলীগ।
খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার কাইলাটী সড়কে অনুষ্ঠিত হয়। পরে তা রাত ১২টা পর আওয়ামী যুবলীগের ভেরিফায়েড পেইজ সহ একাধিক ফেসবুক আইডি থেকে তা শেয়ার করা হয়। ২মিনিট ২২সেকেন্ডে ভিডিওতে প্রায় ২০-২৫জন নেতাকর্মীকে হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বেলে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। তবে ওইসব নেতাকর্মীর কারো মুখে মাক্স, আবার কারোর মুখ কাপড় দিয়ে প্যাঁচানো ছিল। ভিডিওতে শুনা যায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, তেল গ্যাস বিদ্যুৎ নাই তারেক জিয়ার দরকার নাই। খাম্বা আছে কারেন্ট নাই তারেক সরকারের দরকার নাই। বুঝে গেছে জনগণ শেখ হাসিনার প্রয়োজন। বাংলাদেশের হাহাকার শেখ হাসিনার দরকার। উন্নয়নের সরকার কৃষকের শেখ হাসিনা সরকার, বার বার দরকার। নারী বান্ধব সরকার, ছাত্রদের সরকার বার বার দরকার। নেত্রকোণার মাটি শেখ হাসিনার ঘাঁটি, মুক্তিযুদ্ধের মাটি আওয়ামী লীগের মাটি, নেত্রকোণার ঘাঁটি। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়া নাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
নাম প্রকাশের অনিচ্ছুক কাইলাটি এলাকার একজন কৃষক জানান, গতকাল রাত পৌনে ৮টার দিকে কয়েকজন তরুণ ও যুবক একত্র হয়ে হঠাৎ করে শ্লোগান দিয়ে মিছিল শুরু করেন। তাদের কয়েকজনের হাতে ছোট হারিকেন ও মোবাইলের লাইট জ্বলছিল। তবে তারা কোনোরকম উচ্ছৃঙ্খল আচরণ করেননি। প্রায় ৫মিনিট ব্যাপী মিছিল শেষে তারা যে যার মতো চলে যান।
এব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মুঠোফোনে বলেন, এইরকম কোনো মিছিলের খবর আমরা পায়নি। হয়তো অন্য জায়গার পুরাতন কোনো মিছিলের ভিডিও ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে যারা এঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

