মৌমাছির আকস্মিক আক্রমণে জামায়াতের তিন নেতাকর্মী আহত

দেশজুড়ে
মৌমাছির আকস্মিক আক্রমণে জামায়াতের তিন নেতাকর্মী আহত
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

কুড়িগ্রাম-এর উলিপুর উপজেলায় আকস্মিক মৌমাছির আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। পথে বীরহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ মৌমাছির একটি ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এতে তারা মোটরসাইকেল থামিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে তারা আহত হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম বলেন, হঠাৎ করে মৌমাছির ঝাঁক এসে তাদের ঘিরে ফেলে, এতে তারা দিশেহারা হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে দুজনকে পরে গাইবান্ধা-এর সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো হুল ফোটানো হয়েছে, ফলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

অন্যদিকে সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ফিরোজ হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মৌমাছি বা ভিমরুলের এ ধরনের দলবদ্ধ আক্রমণ হঠাৎ ঘটলেও তা মারাত্মক হতে পারে এবং দ্রুত ব্যবস্থা না নিলে ঝুঁকি আরও বাড়ে।