আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতি সহ দুইজন আটক

দেশজুড়ে
আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতি সহ দুইজন আটক

বরগুনার আমতলী চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ মিল্টন হাওলাদার ও তার সহযোগী লাইনম্যান সুমনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে আমতলী থানার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে এবং ঘটনাস্থলেই চাঁদা আদায় বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে মিল্টন হাওলাদার চাঁদা আদায় করে আসছিলেন। এ নিয়ে গত ৭ মার্চ দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ উপজেলার সকল স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন। এতে প্রায় দেড় মাস চাঁদা আদায় বন্ধ ছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এপ্রিলের শেষ দিকে আবারও চাঁদা আদায় শুরু করেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদা আদায়ের সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি ও মাহেন্দ্র চালক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত শনিবার থেকে আবার চাঁদা আদায় শুরু হয়, যা নিয়ে তারা আতঙ্কে ছিলেন।

অভিযোগ রয়েছে, শেখ হাসিনার পতনের পর থেকেই মিল্টন হাওলাদার এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন এবং চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখল বাণিজ্যে জড়িয়ে পড়েন। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ বলেন, স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।