লন্ডনের রাস্তায় আইসক্রিম খাচ্ছেন পাপন, নেট দুনিয়ায় ছবি ভাইরাল
ছবি: অলিউল্লাহ নোমান
বাংলাদেশ ক্রিকেটের সাবেক প্রভাবশালী সংগঠক নাজমুল হাসান পাপন এখন দেশের বাইরে অবস্থান করছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি লন্ডনের রাস্তায় বসে আইসক্রিম খাওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ছবিটি মঙ্গলবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে পোস্ট করেন সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান। এরপর থেকেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এক সময়ের ক্ষমতাধর ক্রিকেট প্রশাসককে এমন সাধারণ মুহূর্তে দেখে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত-সমর্থকেরা।
এর আগেও একাধিকবার লন্ডনের বিভিন্ন স্থানে তাকে দেখা যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। কখনও সুপারশপে, কখনও শহরের রাস্তায় হাঁটতে দেখা গেছে তাকে।
২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। দীর্ঘ সময় তিনি বিসিবির নেতৃত্বে ছিলেন এবং একই সঙ্গে তৎকালীন সরকারের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিসিবি অধ্যায়ের অবসান ঘটে। পরে লন্ডন থেকেই তিনি ওই বছরের ২১ আগস্ট পদত্যাগপত্র জমা দেন।
পাপনের পদত্যাগের পর বিসিবিতে একাধিক নেতৃত্ব পরিবর্তন ঘটে। প্রথমে ফারুক আহমেদ অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালের ৩১ মে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হন এবং একই বছরের অক্টোবরে নির্বাচনের মাধ্যমে পুনরায় দায়িত্ব পান।
তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে। বর্তমানে ওই কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন তামিম ইকবাল।


