আমাদের রাজনীতি এখনও সুন্দর ও পরিচ্ছন্ন হয়নি, আক্ষেপ মির্জা ফখরুলের

দেশজুড়ে
আমাদের রাজনীতি এখনও সুন্দর ও পরিচ্ছন্ন হয়নি, আক্ষেপ মির্জা ফখরুলের
নিউজ ডেস্ক
৮ মে ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, সেটিকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চলছে। ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা না করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৮ মে) নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “জুলাইয়ে আমাদের সন্তানেরা যে লড়াই করেছে, আমরা একে জুলাই যুদ্ধ বলি। সেই আন্দোলনের ফলে পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। কিন্তু একটি গোষ্ঠী এই পরিবর্তনকে ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি অভিযোগ করেন, অতীতের “ফ্যাসিস্ট শাসন” দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত ও প্রশাসনিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সমাজচিন্তার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, তিনি কৃষকের জীবন-সংগ্রাম নিয়েও কাজ করেছেন। পতিসরে এসে কৃষকদের জন্য ব্যাংক স্থাপন করেছিলেন, আধুনিক কৃষি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছিলেন।”

নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি জানান, তার বাবা মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রতিদিন সকালে হাঁটা শেষে রবীন্দ্রনাথের ‘শাহজাহান’ কবিতা আবৃত্তি করতেন। তিনি বলেন, “রবীন্দ্রনাথকে সারাজীবন পড়লেও শেষ করা যায় না।”

দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “আমাদের রাজনীতি এখনও সুন্দর ও পরিচ্ছন্ন হয়নি। মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন সবসময় আসেনি।”

তিনি আরও বলেন, দেশে একটি “হতাশাবাদী গোষ্ঠী” রয়েছে যারা সমাজকে অস্থির রাখতে চায়। তবে স্বাধীনতা যুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।