প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ

খেলাধুলা
প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ
নিউজ ডেস্ক
৯ মে ২০২৬

মিরপুর টেস্টে একসময় বাংলাদেশের চারশ রান করা নিয়েই ছিল শঙ্কা। তবে শেষদিকে তাসকিন আহমেদ–এর ঝোড়ো ব্যাটিংয়ে সেই বাধা সহজেই পেরিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা শুরু হয় ৪ উইকেটে ৩০১ রান নিয়ে। দিনের শুরুতে সতর্ক ব্যাটিং করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে দলীয় ৩৩৮ রানে গিয়ে ভাঙে এই জুটি। মোহাম্মদ আব্বাস–এর বলে মিড-অনে ক্যাচ দিয়ে ৩৩ রান করে ফেরেন লিটন।

এরপর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ১০ রান করা এই অলরাউন্ডারও আব্বাসের শিকারে পরিণত হন। আরেক প্রান্তে দৃঢ় ছিলেন মুশফিক, তবে তাকে সঙ্গ দিতে পারেননি তাইজুল ইসলাম। ১৭ রান করে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লাঞ্চের পরই বিদায় নেন মুশফিকুর রহিম। নিজের ৩৯তম জন্মদিনে ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি তুলে নেওয়া এই অভিজ্ঞ ব্যাটার শাহিন শাহ আফ্রিদি–র দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন। ১৭৯ বলে ৭১ রানের ইনিংসে ছিল ৮টি চার।

শূন্য রানে ফেরেন এবাদত হোসেন। তাকে আউট করেই ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন মোহাম্মদ আব্বাস।

৯ উইকেটে ৩৮৪ রান থাকা অবস্থায় বাংলাদেশের চারশ স্পর্শ করা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সেই কাজটি করে দেন তাসকিন আহমেদ। আব্বাসকে ছক্কা মেরে দলীয় ৪০০ রান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলে শাহিন আফ্রিদির বলে স্লিপে ক্যাচ হন তাসকিন। অপরাজিত থাকেন নাহিদ রানা।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস নেন ৫ উইকেট, আর শাহিন শাহ আফ্রিদির শিকার ৩টি।