বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

খেলাধুলা
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন
নিউজ ডেস্ক
১১ মে ২০২৬

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি—এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করাই কমিটির মূল দায়িত্ব। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে জারি করা অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।

কমিটিতে হাবিবুল বাশার সুমনের অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনাও তৈরি হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে মন্ত্রণালয়ের আরেকটি ক্রীড়া সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।

এদিকে, বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে অতীতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও ঘটনাপ্রবাহ সামনে এসেছে। এর মধ্যে আন্তর্জাতিক সূচি, নিরাপত্তা পরিস্থিতি এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়গুলো আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত কারণ সম্পর্কে এখনো সরকারি পর্যায়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি।

তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।