পুলিশ হত্যার বিচার চেয়ে ছাত্রলীগ কর্মী মুরাদের পোস্টার
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন খান পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টার সাঁটিয়েছে।
মঙ্গলবার (১২মে) দিবাগত-রাত আনুমানিক ১২টার দিকে বাংলাদেশ স্টুডেন্টস লীগ ভেরিফায়েড পেইজ ফেসবুক আইডিতে পোস্টারের ছবিগুলো পোস্ট করা হয়। পরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের লেখা সহ ছবিগুলো শেয়ার করলে তা মূহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফেসবুক আইডিতে পোস্ট করা সূত্রে জানা যায়, ২০২৪ সালে জুলাই-আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় অসংখ্য পুলিশ নিহত হোন। এই পুলিশ হত্যার বিচার চেয়ে নেত্রকোণার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন খান উপজেলার বিভিন্ন দেয়ালে, পিলারে, টিনের বাউন্ডারিতে পোস্টার লাগিয়েছে। ছবিগুলো মূহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মঙ্গলবার রাতে মুখে মাক্স পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের ৪/৫ জন নেতাকর্মী পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টার সাঁটিয়ে দ্রুত চলে যায়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান, আমাদের চোখে পড়েনি। খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


