শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে: তারেক রহমান

দেশজুড়ে
শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে: তারেক রহমান
নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬

জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে চাঁদপুরসহ সারা দেশে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে রাষ্ট্র পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে।”

খাল পুনর্খনন প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৪৮ বছর আগে এ খাল খনন করেছিলেন। খালটি পুনরায় সচল হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ধাপে ধাপে দেশের চার কোটি পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে। কৃষকদের সার, বীজ ও কৃষি উপকরণ কেনায় সহায়তা দিতে কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

নারী শিক্ষা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট থেকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে টেকনিক্যাল ট্রেনিংয়ের সুযোগ বাড়ানো হবে, যাতে তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।