দুই ঘণ্টার মধ্যে ওসিকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করেছি: জামায়াত এমপি

দেশজুড়ে
দুই ঘণ্টার মধ্যে ওসিকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করেছি: জামায়াত এমপি
নিউজ ডেস্ক
১ জুন ২০২৬

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রশাসনিক কর্মকর্তা বদলির বিষয়ে মন্তব্য করেন এবং নিজের রাজনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুই ঘণ্টার মধ্যে একজন ওসি ও একজন সেনা কর্মকর্তাকে বদলি করার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তিনি নিজেকে শুধু ভোটে নির্বাচিত নন, ‘ক্ষমতারও এমপি’ বলে উল্লেখ করেন এবং জনসমর্থনের শক্তির কথা তুলে ধরেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বক্তব্যের আরেক পর্যায়ে তিনি নিজের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বিভিন্ন মন্তব্য করেন। পাশাপাশি বাউফলের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং আদর্শভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন। তার মতে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

এদিকে সোমবার (১ জুন) বিকেলে ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও অশালীন প্রচারণার জবাব দিতেই তিনি কিছু কঠোর ভাষা ব্যবহার করেছিলেন।

তিনি দাবি করেন, বক্তৃতার একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, তবে তার দেওয়া ইতিবাচক ও গঠনমূলক বক্তব্যগুলো প্রচার করা হয়নি। তার ভাষ্য, বক্তব্যের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা না করেই ভিডিওটি নিয়ে আলোচনা হচ্ছে।

ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।