মাছ ধরার ট্রলারে বজ্রপাত, প্রাণ গেল ছেলের, আহত বাবা

দেশজুড়ে
মাছ ধরার ট্রলারে বজ্রপাত, প্রাণ গেল ছেলের, আহত বাবা

Oplus_16908288

নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬

বরগুনার তালতলীতে পায়রা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক তরুণ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম অলী উল্লাহ ফরাজী (২১)। তিনি তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন তাঁর বাবা লোকমান ফরাজী (৫০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে লোকমান ফরাজী ও তাঁর ছেলে অলী উল্লাহ পায়রা নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যান। আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন এলাকায় ট্রলার থেকে বরশি ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা। সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ একটি বজ্রপাত তাঁদের ট্রলারের পাশের নদীতে আঘাত হানে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
স্বজনেরা জানান, বজ্রপাতের পর অলী উল্লাহর নাক ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। আহত অবস্থায় লোকমান ফরাজী নিজেই ট্রলার চালিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে ফেরেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের চাচা বেল্লাল ফরাজী বলেন, “বাবা-ছেলে দুজনই নদীতে মাছ ধরতে গিয়েছিল। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ট্রলারের পাশে আঘাত করলে তারা আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, অলী উল্লাহকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত লোকমান ফরাজীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানা গেছে। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।