যে তিন আমল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন

ধর্ম
যে তিন আমল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন
নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৬

মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও আল্লাহমুখী করার জন্য ইসলাম কিছু আমলকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে সব আমলের মর্যাদা এক নয়। কোনো আমল মানুষের ব্যক্তিগত ইবাদতকে শুদ্ধ করে, কোনোটি পারিবারিক বন্ধনকে মজবুত করে, আবার কোনোটি সমাজ ও দ্বীনের সুরক্ষায় ভূমিকা রাখে। সাহাবায়ে কেরাম (রা.) সবসময় জানতে চাইতেন, কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কোন আমল মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয়। এ আগ্রহ থেকেই একদিন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেন। উত্তরে মহানবী (সা.) এমন তিনটি আমলের কথা উল্লেখ করেন, যা একজন মুমিনের জীবন গঠনের মৌলিক ভিত্তি। হাদিসে বর্ণিত হয়েছে-

عَنْ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي

আবু আমর শায়বানী (রহ.) হতে বর্ণিত। তিনি ‘আবদুল্লাহ্ ইবনে মাসঊদ (রা.)-এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেছেন, এ বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, কোন্ ‘আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, ‘যথা সময়ে নামাজ আদায় করা। ইবনে মাস‘ঊদ (রা.) আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? তিনি বললেন, অতঃপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা। ইবনে মাস‘ঊদ (রা.) আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসুল (সা.) বললেন, অতঃপর জিহাদ ফি সাবিলিল্লাহ্ (আল্লাহর পথে জিহাদ)। ইবনে মাস‘ঊদ (রা.) বলেছেন, এগুলো তো আল্লাহর রাসুল (সা.) আমাকে বলেছেনই, যদি আমি আরও অধিক জানতে চাইতাম, তাহলে তিনি আরও বলতেন। (বুখারি, হাদিস : ৫২৭)

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই হাদিসে ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভসদৃশ আমলের কথা তুলে ধরা হয়েছে। প্রথমত, সময়মতো নামাজ আদায়, যা বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ককে দৃঢ় করে। দ্বিতীয়ত, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, যা মানবিকতা ও পারিবারিক দায়িত্ববোধের শ্রেষ্ঠ উদাহরণ। তৃতীয়ত, আল্লাহর পথে জিহাদ, যা দ্বীন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। হাদিসটি আমাদের শেখায়, একজন মুমিনের জীবন শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং আল্লাহর হক, বান্দার হক এবং দ্বীনের জন্য ত্যাগ, সবকিছুর সমন্বয়েই পূর্ণাঙ্গ ঈমান গড়ে ওঠে।