দেশে এ বছর আশুরার রোজা কবে?
দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী মহররম মাস শুরু হয়েছে। সে হিসেবে এ বছর ১০ মহররম তথা পবিত্র আশুরা পালিত হবে ২৬ জুন (শুক্রবার)।
আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এ দিন রোজা রাখা সুন্নত এবং এর বিশেষ ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে।
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে রোজা রাখতেন এবং সাহাবিদেরও তা পালনের নির্দেশ দিতেন। সাহাবিরা যখন জানান যে ইহুদিরাও এ দিনে রোজা রাখে, তখন মহানবী (সা.) বলেন, পরবর্তী বছর তিনি ১০ মহররমের সঙ্গে ৯ মহররমেও রোজা রাখবেন। (সহিহ মুসলিম: ১১৩৪)
আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো; এ জন্য ১০ তারিখের সঙ্গে একদিন আগে অথবা একদিন পরে আরও একটি রোজা রাখো।” (মুসনাদে আহমদ)
হাদিসের আলোকে আলেমরা আশুরার সঙ্গে আরও একটি রোজা রাখাকে উত্তম বলে উল্লেখ করেছেন।
এ বছর আশুরার রোজার সম্ভাব্য তারিখ
- ৯ মহররম: ২৫ জুন (বৃহস্পতিবার)
- ১০ মহররম (আশুরা): ২৬ জুন (শুক্রবার)
- ১১ মহররম: ২৭ জুন (শনিবার)
সুতরাং সুন্নত অনুযায়ী ২৫ ও ২৬ জুন অথবা ২৬ ও ২৭ জুন— এ দুই দিন রোজা রাখা যেতে পারে। তবে ৯ ও ১০ মহররম অর্থাৎ ২৫ ও ২৬ জুন রোজা রাখা অধিক উত্তম বলে আলেমরা মত দিয়েছেন।


