নীলফামারীতে ভিসার নামে প্রতারণা, ডিবির অভিযানে চার যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশি-বিদেশি গ্রাহকদের টার্গেট করার অভিযোগ, উদ্ধার ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল
সংবাদ:
নীলফামারীতে ভিসা দেওয়ার নামে অনলাইনে প্রতারণার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম (২০), নিতাই বসুনিয়াপাড়ার আনিসুল ইসলাম (১৯) এবং সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার শান্ত ইসলাম (১৯)।
ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে দেশ-বিদেশে অবস্থানরত চাকরিপ্রত্যাশী ও প্রবাসীদের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যা তদন্তের স্বার্থে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মতলুবর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রটির কার্যক্রম এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

