আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বরগুনার আমতলী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইনের সঙ্গে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং অপরাধ দমনে পুলিশ-সাংবাদিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে আমতলী থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, বাল্যবিবাহ এবং চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে থেকে কাজ করবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় আমতলী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান, চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে তথ্য বিনিময় আরও জোরদারের আহ্বান জানান।
সভা শেষে নবাগত ওসি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অন্যদিকে সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


