রাজশাহী মেট্রো পুলিশের অমানবিক সার্জেন্ট জাহিদ

দেশজুড়ে
রাজশাহী মেট্রো পুলিশের অমানবিক সার্জেন্ট জাহিদ
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৬

রাজশাহী মহানগরে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট থাকা সত্ত্বেও তাকে অযৌক্তিকভাবে মামলা দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট সার্জেন্ট তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এছাড়া এক কনস্টেবলের বিরুদ্ধে টাকা দাবি করার অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের আগে কোনো মন্তব্য করা হয়নি।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন দুপুরে ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান রকি মোটরসাইকেলে করে অসুস্থ স্ত্রীকে দেখতে রাজশাহী নগরের সিএনবি মোড় এলাকার একটি ক্লিনিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাফিক সার্জেন্ট জাহিদ হাসান তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চান। রোকনুজ্জামানের দাবি, তিনি প্রয়োজনীয় সব কাগজপত্র দেখানোর পরও হেলমেট না পরার কারণ দেখিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

ভুক্তভোগীর ভাষ্য, ক্লিনিকে প্রবেশের আগে সাময়িকভাবে হেলমেট খুলেছিলেন তিনি। এ বিষয়টি ব্যাখ্যা করলেও সার্জেন্ট তা গ্রহণ না করে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে থাকা এক কনস্টেবল ৫০০ টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাকে মামলা দেওয়া হয় বলে দাবি করেন রোকনুজ্জামান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রোকনুজ্জামানের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট থাকার বিষয়টি স্বীকার করেন। তবে কী কারণে মামলা দেওয়া হয়েছে—এ প্রশ্নের স্পষ্ট জবাব দেননি।

অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ ছাড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মী ও সাংবাদিক নেতা হাবিব জুয়েল বলেন, পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে এ ধরনের অভিযোগ উদ্বেগজনক। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।

দ্রষ্টব্য: অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।