হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১

অন্যান্য
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৬

হামের প্রাদুর্ভাব কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯২৫ শিশু। এ সময়ে নতুন করে ৮৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৪ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮। এর মধ্যে পরীক্ষায় ১২ হাজার ৬৩২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।