সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের

দেশজুড়ে
সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের
৯ জুলাই ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির (পাবলিক অ্যাকাউন্টস কমিটি-পিএসি) সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি একই সঙ্গে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বও পালন করছেন।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতিসহ মোট ১৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১২ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে তিনজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির মনোনীত সদস্যরা হলেন—আমানউল্লাহ আমান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ জালালউদ্দিন, মো. মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারী হেলাল, মোহাম্মদ মনজুরুল ইসলাম, ফজলে হুদা এবং মোহাম্মদ জাকির হোসেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, মো. রুহুল আমিন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

সংসদীয় ব্যবস্থায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি অন্যতম গুরুত্বপূর্ণ নজরদারি কমিটি হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, মহাহিসাব নিরীক্ষকের প্রতিবেদনে উত্থাপিত আপত্তি পর্যালোচনা করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা পরীক্ষা-নিরীক্ষা করাই এ কমিটির প্রধান দায়িত্ব।