শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে আমতলীতে বিক্ষোভ মিছিল।

দেশজুড়ে
শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে আমতলীতে বিক্ষোভ মিছিল।

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেলে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের অনেকের মাথায় হলুদ রঙের ক্যাপ এবং মুখে মাস্ক ছিল। রাতের দিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নিশ্চিত করা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মিছিলে শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হলেও, এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবি করা মো. মতিন খান বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। তিনি শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নিশ্চিত করা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কর্মসূচি দেওয়া হবে বলেও উল্লেখ করেন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ এবং ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সংগঠন দুটির প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতেই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। এতে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে শনিবার (১১ জুলাই) বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিছিলটি স্বল্প সময়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।