২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দেশজুড়ে
২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

লোকসমাজ : যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ২৩ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। অভিযানে নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে মো. তাজুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক তাজুল ইসলামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামে। তিনি মজিবুল হকের ছেলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজিবি জানায়, তল্লাশির সময় আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে নাভারন সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারটি বহন করছিলেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। জব্দকৃত দুটি মোবাইল ফোনের মূল্য ১৩ হাজার টাকা এবং নগদ ২ হাজার ২০০ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।

এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।