বনানীর শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

দেশজুড়ে
বনানীর শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার
রাজধানীর বনানী থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাততলা বস্তি এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি ফর্মা সোহেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই) বনানী থানাধীন সাততলা পুলিশ ফাঁড়ির বিট ইনচার্জ রাজিবুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি বিশেষ টিম সাততলা বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে এলাকার চিহ্নিত ও শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘ফর্মা সোহেল’ এবং তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিট ইনচার্জ রাজিবুল আমিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।