আগামী সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

জাতীয়
আগামী সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিয়মিত সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। তাই বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো প্রয়োজনীয়তা সৃষ্টি হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা যাবে বলে সরকার আশা করছে।

আগামী সেপ্টেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।