সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

জাতীয়
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন
২৬ জুলাই ২০২৬

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিরাপত্তাসহ আইনে নির্ধারিত সব সুবিধাই তার জন্য নিশ্চিত করা হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়ে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সংবিধান ও প্রচলিত বিধি-বিধান অনুসরণ করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দায়িত্বে থাকাকালে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেন। ফলে ওই সময়ের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। দায়িত্বের বাইরে কেউ কোনো বক্তব্য দিলে সেটি তার মত প্রকাশের স্বাধীনতার বিষয়। তবে সরকার এ পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। বিভিন্ন পক্ষ অভিযোগ উত্থাপন করতে পারে, তবে সরকারের দৃষ্টিতে এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি।

শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথিত ফোনালাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে যাদের দাবি, তাদের কাছেই তথ্য-প্রমাণ থাকতে পারে। সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন ছয় মাসের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাবেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইনে নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও তাকে প্রদান করা হবে।

অন্যদিকে, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আরও কিছু তথ্য চেয়েছে, সেগুলো পাঠানোর প্রক্রিয়া চলছে।