আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালীন বিষয়ে ফৌজদারি মামলা করা যায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনের সময় বিশেষ সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন। তবে দায়িত্বের বাইরে কেউ কোনো অভিযোগ বা বক্তব্য দিলে তা আইন অনুযায়ী বিবেচিত হবে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তাই কেউ সাবেক রাষ্ট্রপতির সমালোচনা বা অভিযোগ উত্থাপন করতে পারেন। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, তবে সরকারের দৃষ্টিতে এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের সময়েও মো. সাহাবুদ্দিন সংবিধান ও বিধিবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। সরকার তার সহযোগিতা পেয়েছে। দায়িত্ব পালনকালীন তিনি সাংবিধানিক ইমিউনিটি ভোগ করেছেন। ফলে ওই সময়ের দায়িত্ব সম্পর্কিত বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না।
শেখ হাসিনার সঙ্গে লন্ডনে অবস্থানকালে মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি শুধু গণমাধ্যমে দেখেছেন। এ ধরনের সংবাদ প্রকাশকারীদের কাছেই এর তথ্য-প্রমাণ থাকতে পারে। সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের আগের কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট সময়ের বিষয় এবং সেগুলো আইন অনুযায়ী বিবেচিত হবে।


