আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সৃষ্ট সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এ কারণে সাধারণ মানুষ ও শিল্প খাতকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে, তার জন্য সরকার দুঃখ প্রকাশ করছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি জানান, সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। এসব যন্ত্রাংশ দ্রুত খালাস ও স্থাপনের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শিল্প খাতে গ্যাস সংকটের স্থায়ী সমাধানে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।
এ সময় তিনি আগের সরকারের জ্বালানি খাতের নীতির সমালোচনা করে বলেন, স্বল্পমেয়াদি ও পরিকল্পনাহীন প্রকল্প গ্রহণের কারণে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

