সাগর উত্তাল, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় ২১.২০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
আবহাওয়ার এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকায় সমুদ্রে থাকা নৌযানগুলোকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।


