দেশের সব মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অন্যান্য
দেশের সব মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল
২ আগস্ট ২০২৬

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা, ২০২৫’-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্ত নির্ধারণ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাই জারি করা নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান—অধ্যক্ষ বা সুপার—স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন।

শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা এর চেয়ে উচ্চ পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এ প্যানেল গঠন করতে হবে।

পরে কমিটির অন্যান্য সদস্য মনোনয়নের প্রস্তাব যুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। বোর্ডের অনুমোদনের পর নতুন অ্যাডহক কমিটি কার্যক্রম শুরু করবে।

তবে সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসাগুলোর জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

এ বিষয়ে জারি করা জরুরি নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।