জুলাই জাদুঘর উদ্বোধন বুধবার, দর্শনার্থীদের জন্য খুলছে বৃহস্পতিবার

জাতীয়
জুলাই জাদুঘর উদ্বোধন বুধবার, দর্শনার্থীদের জন্য খুলছে বৃহস্পতিবার
৪ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, ইতিহাস ও আত্মত্যাগ সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার বেলা ১১টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বুধবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন। সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও বিভিন্ন স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত হবেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনের গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং শহীদ ও জুলাইযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্ব, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এ ছাড়া গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হবে। এসব পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তি, জুলাইযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক অতিথি, জুলাইযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আমন্ত্রিত ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবেন।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।