ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
রাজধানীর পুরান ঢাকায় ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে মাদরাসা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ার পর প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ একে অপরকে ধাওয়া দিলে ক্যাম্পাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে।
একই দিনে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


