পরনির্ভরশীল নয়, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়
পরনির্ভরশীল নয়, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী
৫ আগস্ট ২০২৬

জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও রক্তাক্ত সময়। সেই সময়ের স্মৃতি ও আত্মত্যাগ ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে আত্মমর্যাদাশীল, বাস্তবমুখী এবং জাতীয় স্বার্থভিত্তিক। কোনো ধরনের পরনির্ভরশীলতার পথে না গিয়ে দেশের নিজস্ব সক্ষমতা ও স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

খলিলুর রহমান আরও বলেন, বিশ্বসম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং মর্যাদা সমুন্নত রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে।

জুলাই-আগস্টের রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি থেকে শিক্ষা নিয়ে একটি সক্ষম, মর্যাদাপূর্ণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।