ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ নিয়ন্ত্রণে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, শিল্পকারখানা থেকে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং যারা তা বাস্তবায়ন করবে না, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, শুধু বুড়িগঙ্গা নয়, রাজধানীর চারপাশের সব নদীকে দূষণমুক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হবে। পরবর্তীতে সেই উদ্যোগ দেশের অন্যান্য নদীতেও সম্প্রসারণ করা হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, নদীর পানি ও পরিবেশের মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে দেশের নদী ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


