৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে আরও তিনটি বিভাগীয় লংমার্চের কর্মসূচিও প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের উচ্চ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঘোষিত লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা মোকাবিলা করে কর্মসূচি সফল করা হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রুটেও লংমার্চ অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে এবং গ্যাস, বিদ্যুৎসহ মৌলিক সেবা নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
এ সময় নাহিদ ইসলাম ছাত্রদল সম্পর্কেও অভিযোগ তুলে বলেন, সংগঠনটি শিক্ষাপ্রতিষ্ঠানের হলগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁর এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রদলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


