ভারত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে সম্পর্কে প্রভাব পড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়
ভারত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে সম্পর্কে প্রভাব পড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৬ আগস্ট ২০২৬

ভারত সরকার যদি আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় নয়াদিল্লিতে ৫ আগস্ট অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল অংশগ্রহণ প্রসঙ্গেও তিনি কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে কি না, সেটি ভারতের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অনুভূতি ও বর্তমান বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তার ভাষ্য, ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, তবে বাংলাদেশের জনমতের বিষয়টিও তাদের বিবেচনায় রাখা প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ অভিযোগ করেন, অতীতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে আওয়ামী লীগ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের পুরোনো বয়ান সামনে আনার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভারত যদি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এদিকে, বাংলাদেশ আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর সফরসূচির ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।