রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেবে বিএনপি? রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত প্রশ্ন এটি। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের এ পদে কাকে মনোনয়ন দেবে বিএনপি, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে দলীয় একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট।
চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
অন্যদিকে, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেবে না বলে ইতোমধ্যে জানিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদের গাণিতিক বাস্তবতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে বিএনপির প্রার্থীর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
দলীয় সূত্রগুলোর দাবি, এবার রাষ্ট্রপতি পদে কোনো অরাজনৈতিক ব্যক্তিকে নয়, বরং দীর্ঘদিনের পরীক্ষিত একজন রাজনৈতিক নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতিবাচক। সে বিবেচনায় দীর্ঘ সময় দল পরিচালনা, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব এবং সাংগঠনিক ভূমিকার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতির সময় দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে তার পক্ষে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।
তবে রাষ্ট্রপতি পদে আলোচনায় শুধু মির্জা ফখরুল নন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। তিনি শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রাষ্ট্রপতি পদে আলোচিত সব নামই রাজনৈতিক আলোচনা ও বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে উঠে এসেছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন নজর রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকে।


