‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানকে কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফল হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষায়, গণঅভ্যুত্থান ‘নিউটনের আপেল’ ছিল না; দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এটি অর্জিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থান হঠাৎ করে ঘটেনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন পরিণতি পেয়েছে। মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে আগের ১৭ বছরের সংগ্রামের কোনো ভূমিকা নেই—এমন ধারণাকে তিনি রাজনৈতিক অপরিপক্বতা বলে মন্তব্য করেন।
নতুন রাজনৈতিক শক্তির উদ্দেশে তিনি বলেন, নতুন বন্দোবস্ত ও নতুন রাজনীতির কথা বললেও যেন পুরোনো রাজনৈতিক চর্চার পুনরাবৃত্তি না ঘটে। রাজনীতিকে কঠিন ও দীর্ঘ পথের যাত্রা উল্লেখ করে তিনি নতুনদের আরও শেখার ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর ফিরে আসবে না। একই সঙ্গে ‘চেতনা বিক্রির রাজনীতি’রও অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ প্রকাশ্যে, আবার কেউ আড়ালে বা ভিন্নভাবে আন্দোলনে যুক্ত ছিলেন। ভবিষ্যতে জাতীয় সংসদে বিতর্ক ও রাজপথে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা অব্যাহত থাকবে। তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা যাবে না, যা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ করে।
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি এই আন্দোলনের কৃতিত্বকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দল গঠন বা রাজনীতি করতে চান, সেটি গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, বাংলাদেশের রাজনীতিতে চেতনা বিক্রির রাজনীতি ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।
একাত্তরের চেতনার প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি ঢাকায় ঘটেছে এবং এর পরবর্তী অধ্যায় দিল্লিতে গিয়ে শেষ হয়েছে—এমন মন্তব্য তিনি আগে করেছেন।
সালাহউদ্দিন আহমদের মতে, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও জনসম্পৃক্ত রাজনীতির পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।


