রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, প্রার্থী দেবে জামায়াত

জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, প্রার্থী দেবে জামায়াত
৯ আগস্ট ২০২৬

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিরোধী দলগুলোর ১১ দলীয় ঐক্যের সঙ্গে আলোচনা করে নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার রাতে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই বিরোধী জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হবে কি না এবং প্রার্থী কে হবেন—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। বিএনপির পক্ষ থেকেও সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা রয়েছে। জামায়াতের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের ফলে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জামায়াতের এ সিদ্ধান্তের পর আগামীকালের ১১ দলীয় শীর্ষ বৈঠকের দিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে। সেখানে বিরোধী জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে কি না, তা স্পষ্ট হতে পারে।