রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্য ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যাবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।
আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পূরণ করা মনোনয়নপত্র নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দপ্তরে জমা দিতে হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


