২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ

জাতীয়
২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ
১৩ আগস্ট ২০২৬

আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের রাষ্ট্রপতি হিসেবে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ গণতন্ত্রের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবিধান সংশোধনের প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করা হবে। তবে সংবিধান নতুন করে লেখা হবে না।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সচিবালয়ে দলের কোনো সভা অনুষ্ঠিত হয়নি।

এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে দেখার সুযোগ নেই। বিরোধী দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানাতেই পারে। তবে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।