১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

জাতীয়
১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব
১৩ আগস্ট ২০২৬

আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিষিদ্ধ সংগঠন, সন্দেহভাজন ব্যক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

সংস্থাটি জানায়, ১৫ আগস্টকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য দেশব্যাপী বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পরিকল্পনা তৈরি করেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের ওপর নজরদারি

র‍্যাব জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও এসব সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আগাম তথ্য পেতে বিভিন্ন এলাকায় কন্টাক্ট, ইনফর্মার ও সোর্সের মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির স্থান ও সেখানে যাতায়াতের পথগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী কিংবা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা যাতে কর্মসূচিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

গুজব ঠেকাতে সাইবার পেট্রলিং

১৫ আগস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার নজরদারি বাড়িয়েছে র‍্যাব। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি ছড়িয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া কোথাও বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

সমন্বয়ে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী

র‍্যাব জানিয়েছে, ১৫ আগস্টের নিরাপত্তায় সংস্থাটি নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‍্যাব বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।