বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর ধারাবাহিকতায় তাদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন চার সদস্যের পরিচয়
রুহুল কবির রিজভী আহমেদ এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্বেও ছিলেন। ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ছিলেন রিজভী। পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
মো. আমানউল্লাহ আমান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে পরিচিতি পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
ডা. ফরহাদ হালিম ডোনারও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান। এ ছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়কও।
চতুর্থ সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন।
কেন চারজনকে যুক্ত করা হলো
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। পাশাপাশি দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছে বিএনপি।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটিতে কয়েকটি পদ শূন্য হওয়ায় নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনীত করার পর তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এ ছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় স্থায়ী কমিটিতে আরেকটি পদ শূন্য হয়।
অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিত অংশ নিতে পারছেন না। অন্যদিকে মাহবুবুর রহমানও দলীয় রাজনীতিতে সক্রিয় নন। এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করতে চার নেতাকে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো।


