৯ দফা দাবি জানাল অল্টারনেটিভস, অগ্রাধিকার জুলাই হত্যার বিচার

জাতীয়
৯ দফা দাবি জানাল অল্টারনেটিভস, অগ্রাধিকার জুলাই হত্যার বিচার
৩০ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র ও সাংবিধানিক কাঠামোর সংস্কার এবং বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানসহ নয় দফা দাবি জানিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

অল্টারনেটিভসের প্রথম দাবিতে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের কথা বলা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য কমানো এবং অর্থনৈতিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দ্বিতীয় দাবিতে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে গ্রেপ্তার ব্যক্তি এবং আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্বীকৃতি দেওয়ার দাবিও রয়েছে।

মানবাধিকার কমিশন, গুম কমিশন ও এসআরবি আইন কার্যকরের ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষা, নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি, ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানকে চতুর্থ দাবি হিসেবে তুলে ধরে কুইক রেন্টাল ও ‘অসম’ বিদ্যুৎ-জ্বালানি চুক্তির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে। পাশাপাশি আমদানি ও বিদেশি কোম্পানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ‘জ্বালানি সার্বভৌমত্ব’ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্বাস্থ্য খাতেও সংস্কারের দাবি জানিয়েছে অল্টারনেটিভস। ‘স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এবং ‘রোগী সুরক্ষা ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’ আইন হিসেবে প্রণয়ন, অত্যাবশ্যকীয় ওষুধের দাম সুলভ রাখা এবং মানসম্মত ওষুধ উৎপাদন নিশ্চিত করার দাবি রয়েছে।

শ্রম খাতে শ্রম কমিশনের সুপারিশ ও শ্রম আইন ২০২৬ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বন্ধ কলকারখানা চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনঃকর্মসংস্থানের ব্যবস্থার কথাও বলা হয়েছে।

এ ছাড়া সার সংকট সমাধান, কৃষকদের ক্যান্সারসহ দুরারোগ্য রোগের চিকিৎসায় রাষ্ট্রীয় উদ্যোগ এবং সরকারি পাটকল, চিনিকল ও অন্যান্য কলকারখানা বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়েছে।

অল্টারনেটিভসের মূল্যায়নে, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রত্যাশিত পরিবর্তন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সংগঠনটির মতে, শুধু সরকারের পরিবর্তন হয়েছে; রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এখনো প্রয়োজন।