বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় টানা দ্বিতীয়বার ৬৮তম চট্টগ্রাম

জাতীয়
বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় টানা দ্বিতীয়বার ৬৮তম চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২৬

বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো ৬৮তম অবস্থান ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টের ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ তালিকায় ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে এ অবস্থান নির্ধারণ করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং আগের বছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার পরিবহন বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। ফলে পরিবহন বাড়লেও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে চট্টগ্রামের অবস্থানের উন্নতি হয়নি।

এর আগে ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে প্রকাশিত তালিকাতেও চট্টগ্রাম বন্দর ৬৮তম অবস্থানে ছিল। তার আগের দুই বছর ৬৭তম অবস্থানে থাকার পর এক ধাপ পিছিয়ে ৬৮তম হয়। গত এক দশকে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ অবস্থান ছিল ৫৮তম, যা ২০২০ সালে অর্জন করেছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় এবারও শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর বন্দর এবং তৃতীয় অবস্থানে রয়েছে চীনের নিংবো-ঝুশান বন্দর।

দক্ষিণ এশিয়ার মধ্যে চট্টগ্রামের ওপরে রয়েছে শ্রীলঙ্কার কলম্বো, ভারতের মুন্দ্রা ও জওহরলাল নেহরু বন্দর। পাকিস্তানের করাচি বন্দরের অবস্থান ৮৪তম।

লয়েডস লিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি সীমিত হলেও এপিএম টার্মিনালস, এমএসসি ও রেড সি গেটওয়ের বড় বিনিয়োগ বাংলাদেশের প্রধান কনটেইনার বন্দরের ভবিষ্যৎ বদলে দিতে পারে।