স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম

সেপ্টেম্বর নাগাদ পর্যায়ক্রমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে

জাতীয়
সেপ্টেম্বর নাগাদ পর্যায়ক্রমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে
৩০ আগস্ট ২০২৬

আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শাহে আলম জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মাধ্যমে মোট দুই লাখ বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পাবেন। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়া নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন। নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর পাশাপাশি দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন কর্মী পাঠানোর ক্ষেত্রে মালয়েশিয়ার নির্ধারিত কোম্পানির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। পর্যায়ক্রমে কর্মী পাঠানোর এই প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।