নিউইয়র্কে দীর্ঘ সফরে পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে প্রায় দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য দায়িত্ব পালনে তাকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন খলিলুর রহমান। রোববার দিবাগত রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
গত ২ জুন জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের ভোটে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে অবস্থানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের নির্ধারিত দায়িত্বের বাইরে অন্যান্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।


