স্থানীয় সরকার নির্বাচন

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

জাতীয়
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
৩১ আগস্ট ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদের পর পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। সব মিলিয়ে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন করার সুযোগ পেয়েছেন।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়।

আবেদনগুলোর ওপর নেওয়া সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পর সোমবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে ইসি। সংস্থাটি আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায়।

ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।